নিউইয়র্ক, ৫ জুন ২০২৬: যুক্তরাষ্ট্রের বৃহত্তম শহর নিউইয়র্কে দীর্ঘদিনের আবাসন সংকট মোকাবিলায় নতুন উদ্যোগ নিয়েছে সিটি প্রশাসন। “Block by Block” নামে ঘোষিত একটি বৃহৎ আবাসন পরিকল্পনার আওতায় আগামী বছরগুলোতে শহরজুড়ে প্রায় ২ লাখ নতুন সাশ্রয়ী (Affordable) আবাসন ইউনিট নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এক সংবাদ সম্মেলনে পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরে মেয়র জোহারান মামদানি বলেন, নিউইয়র্কে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের জন্য বাসস্থান ক্রমেই ব্যয়বহুল হয়ে উঠছে। ফলে শহরের প্রতিটি এলাকায় নতুন আবাসন নির্মাণ এবং বিদ্যমান সাশ্রয়ী আবাসন সংরক্ষণ এখন সময়ের দাবি। সিটি প্রশাসনের তথ্য অনুযায়ী, পরিকল্পনাটির অংশ হিসেবে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হবে। এই অর্থ ভাড়াভিত্তিক সাশ্রয়ী আবাসন, প্রবীণদের জন্য বিশেষ আবাসন এবং সহায়তাপ্রাপ্ত (Supportive Housing) প্রকল্পে ব্যয় করা হবে। পাশাপাশি বর্তমানে থাকা রেন্ট-স্ট্যাবিলাইজড আবাসন সংরক্ষণেও বড় অঙ্কের অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে।
প্রশাসন জানিয়েছে, শুধুমাত্র নতুন ভবন নির্মাণ নয়, বরং আবাসন খাতে বিদ্যমান প্রশাসনিক জটিলতা কমানো, অনুমোদন প্রক্রিয়া দ্রুত করা এবং ভূমি ব্যবহার নীতিতে সংস্কার আনার উদ্যোগও নেওয়া হবে। বিশেষ করে গণপরিবহন-সংলগ্ন এলাকাগুলোতে বেশি সংখ্যক আবাসন ইউনিট নির্মাণের পরিকল্পনা রয়েছে, যাতে বাসিন্দারা সহজে কর্মস্থল ও প্রয়োজনীয় সেবার সঙ্গে যুক্ত থাকতে পারেন। ডেপুটি মেয়র লায়লা বোজর্গ বলেন, নিউইয়র্ককে আরও বাসযোগ্য ও সাশ্রয়ী শহর হিসেবে গড়ে তুলতে প্রতিটি এলাকায় নতুন বাড়ি নির্মাণ অপরিহার্য। তিনি জানান, ভোটার-সমর্থিত নীতি ও নতুন অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের চেষ্টা করা হবে।
এদিকে হাউজিং কমিশনার দিনা লেভি বলেছেন, শহরের বিভিন্ন ওয়ার্ডে নতুন আবাসন তৈরি করা হবে যাতে বিভিন্ন আয়ের মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী বাসস্থান খুঁজে পেতে পারেন। তার মতে, এই উদ্যোগ কেবল বল বাড়ির সংখ্যা বাড়ানোর প্রকল্প নয়, বরং একটি টেকসই ও অন্তর্ভুক্তিমূলক নগর গড়ে তোলার প্রচেষ্টা।

পরিকল্পনার আওতায় সরকারি মালিকানাধীন জমি ব্যবহার করে মিশ্র আয়ের আবাসন নির্মাণের কথাও বলা হয়েছে। এছাড়া স্কুল, লাইব্রেরি ও অন্যান্য সরকারি স্থাপনার সঙ্গে সমন্বয় করে নতুন আবাসন ইউনিট তৈরির সম্ভাবনাও বিবেচনা করা হচ্ছে। সিটি প্রশাসন আরও জানিয়েছে, আবাসন খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহিত করতে একটি নতুন Revolving Loan Fund গঠন করা হবে। এর ফলে আবাসন নির্মাণে প্রয়োজনীয় অর্থায়ন সহজ হবে এবং নতুন প্রকল্প দ্রুত বাস্তবায়নের সুযোগ তৈরি হবে।
বিশ্লেষকদের মতে, নিউইয়র্কের মতো উচ্চ ব্যয়ের শহরে আবাসন সংকট বর্তমানে অন্যতম বড় সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ। তাই ২ লাখ নতুন সাশ্রয়ী আবাসন ইউনিট নির্মাণের এই পরিকল্পনা সফলভাবে বাস্তবায়িত হলে আগামী বছরগুলোতে হাজার হাজার পরিবার উপকৃত হতে পারে।
সূত্র: বাংলা পত্রিকা USA, NYC Mayor’s Office, ছবি: AI Graphics














